জামালপুরে জেলাধীন মেলান্দহ, মাদারগন্জ তথা সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) দুপুরে উপজেলার হাওয়াই ব্রীজ এলাকায় ‘মেলান্দহ-মাদারগঞ্জের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আলহাজ¦ আব্দুল গফুর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ মজনু ফকির, বালিজুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মুসা, বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে জামালপুর, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুরসহ উত্তরাঞ্চলের সকল জেলার মানুষের যাতায়াত সহজ হবে। এতে মানুষের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষি, বাণিজ্য, শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে এবং এ অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। ভৌগোলিক অবস্থান বিবেচনা করলে মাদারগঞ্জ থেকে সারিয়াকান্দির দূরত্ব নদীপথে অত্যন্ত কম। যা সেতু নির্মাণের জন্য সবচেয়ে উপযোগী। দ্রুত এই দাবি বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে ঘোষণা দেন বক্তারা।
২৮.০৬.২৬